নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, কারও বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে তার পরিণতি ‘খুব খারাপ’ হবে। নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে রয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে বরিশাল নগরীর সার্কিট হাউস মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা বাহিনী, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভায় তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন পরিচালনায় কোনো লুকোচুরি চলবে না। সবকিছু খোলামেলাভাবে করতে হবে এবং স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন নিশ্চিত করতে হবে। নিরপেক্ষতার প্রশ্নে নির্বাচন কমিশন কোনো আপস করবে না।
তিনি বলেন, ব্যক্তিগত পছন্দ–অপছন্দ একজন নাগরিকের ভোট দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে ছোট-বড় দল বা শক্তিশালী–দুর্বল প্রার্থীর কোনো ভেদাভেদ করা যাবে না। আইন প্রয়োগের সময় সবাইকে সমানভাবে বিবেচনা করতে হবে।
নির্দেশনার পরও কেউ যদি পক্ষপাতিত্ব করেন এবং তা প্রমাণিত হয়, তাহলে নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে সানাউল্লাহ বলেন, দৃঢ় অবস্থানে থাকতে হবে, তবে শুধু বল প্রয়োগ নয়—পরিস্থিতি অনুযায়ী মধ্যপন্থাও অবলম্বন করতে হবে।
প্রবাসীদের ভোটগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, এ প্রক্রিয়ায় কারচুপির কোনো সুযোগ নেই। ভোট প্রদানের ক্ষেত্রে লাইভ ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে এবং ব্যালটের নিরাপত্তায় গোয়েন্দা সংস্থাগুলো দায়িত্ব পালন করবে।
সভায় সভাপতিত্ব করেন রিটার্নিং কর্মকর্তা খাইরুল আলম সুমন। এতে বরিশাল জেলা পুলিশ সুপার ফারজানা ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।