ব্যক্তিগত কারণ দেখিয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান পদত্যাগ করেছেন। তিনি প্রায় এক বছর ধরে বিচারিক কাজের বাইরে ছিলেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি বরাবর পাঠানো তাঁর পদত্যাগপত্র সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল এবং আইন মন্ত্রণালয়–এর ই-মেইলে পৌঁছেছে। বিচারপতি মামনুন রহমান কানাডা থেকে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে। পারিবারিক সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী বলেন, পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিচারপতি মামনুন রহমান বিনা ছুটিতে এক বছরের বেশি সময় কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ বিষয়ে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন পাঠিয়েছে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল।
এর আগে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগের তিন বিচারপতিকে অপসারণ করেছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়। তাদের মধ্যে ৯ জন বর্তমানে দায়িত্বে নেই। বাকি তিনজন পদে থাকলেও বেঞ্চের দায়িত্বে নেই। এ ছাড়া চলতি মাসে অভিযোগ দাখিলের পর বিচারপতি এম আর হাসানকে ছুটিতে পাঠানো হয়েছে। ছুটিতে থাকা ১৩ বিচারপতির বাইরে হাইকোর্ট বিভাগের আরও দুই বিচারপতি স্বেচ্ছায় কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন; তাদের একজন বিচারপতি মামনুন রহমান।