ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়ে কারাবন্দী থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. সাফিকুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সংস্থাটির কার্যক্রম সচল রাখতে এমডি ও সিইওর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-এর অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানাকে।
মন্ত্রণালয় সূত্র জানায়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জারি করা এক অফিস আদেশের মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
মন্ত্রণালয়ের ‘বিমান-১ শাখা’ থেকে প্রকাশিত আদেশে বলা হয়, ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হয়ে কারাবন্দী থাকায় ড. মো. সাফিকুর রহমানের সঙ্গে সরকারের করা চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। একই তারিখে জারি করা একটি প্রজ্ঞাপনের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে তিনি আর বিমানের এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন না।
অফিস আদেশে উল্লেখ করা হয়, বিমানের দক্ষ ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করতে পরবর্তী নিয়োগ না হওয়া পর্যন্ত ড. হুমায়রা সুলতানাকে এমডি ও সিইও হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বর্তমানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিমান ও সিভিল অ্যাভিয়েশন) হিসেবে দায়িত্ব পালন করছেন।
আদেশে আরও বলা হয়, বাংলাদেশ বিমান (রহিত Bangladesh Biman Order, 1972 পুনর্বহাল এবং সংশোধন) আইন, ২০২৩-এর ৩০(গ) ধারা অনুযায়ী নির্দেশক্রমে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন এমডি নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
মন্ত্রণালয় জানায়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই অফিস আদেশ জারি করা হয়েছে। আদেশে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন। আদেশের অনুলিপি প্রধান উপদেষ্টার কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রশাসনিক বিভাগকেও বিষয়টি অবহিত করা হয়েছে।