স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মব ভায়োলেন্স নামে কোনো বিষয় নেই এবং পুলিশের মধ্যে কোনো ভীতি কাজ করছে না।
বুধবার বিকেলে রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমির মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কোনো জনপ্রতিনিধি অশোভন আচরণ করলে তা প্রকাশ্যে আনতে হবে। এতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। কোনো প্রার্থী অশোভন আচরণ করলে সমাজে বিষয়টি প্রকাশ পেলে তিনি স্বয়ংক্রিয়ভাবেই কোণঠাসা হয়ে পড়বেন। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
তিনি বলেন, নির্বাচন ঘিরে কোনো সহিংসতা হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি সন্তোষজনক। নির্বাচনী প্রক্রিয়াকে সামনে রেখে নিয়মিত অবৈধ অস্ত্র উদ্ধার করা হচ্ছে বলেও জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, এ কে এম শহিদুর রহমান, মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, খন্দকার রফিকুল ইসলাম এবং নাসিমুল গনি। এছাড়া রাজশাহী বিভাগের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারাও সভায় অংশ নেন।