ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে আজ সম্ভবত শেষবারের মতো প্রেস ব্রিফিং করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
শফিকুল আলম বলেন, গত ১৮ মাসে সরকারের অবস্থান ও ঘটনাপ্রবাহ যত দ্রুত সম্ভব সাংবাদিকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। প্রতিটি ঘটনার বিষয়ে সরকার কী অবস্থানে আছে, তা নিয়মিতভাবে জানানো হয়েছে।
তিনি বলেন, প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে সরকারের সব ধরনের তথ্য প্রকাশ করা হয়েছে। ওই পেজে এমন কোনো সংবাদ নেই, যা শেয়ার করা হয়নি। সব মিলিয়ে পেজটি অন্তত ২০ কোটি বার দেখা হয়েছে বলে জানান তিনি।
প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার প্রসঙ্গ টেনে শফিকুল আলম বলেন, বিভিন্ন সময় সংবাদ সম্মেলনে উত্থাপিত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে।
এ সময় প্রেস উইংয়ের সদস্য আজাদ মজুমদার বলেন, সাংবাদিকদের সহযোগিতা করার পাশাপাশি তাদের কাছ থেকেও সহযোগিতা পাওয়া গেছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী সপ্তাহে তারা সাংবাদিকদের সঙ্গে ভিন্ন ভূমিকায় যুক্ত থাকবেন।
প্রেস উইংয়ের আরেক সদস্য ফয়েজ আহমদ বলেন, পুরো সময়জুড়ে পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার চেষ্টা করা হয়েছে। নানা কারণে ব্যতিক্রমী পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কোনো আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে সে জন্য দুঃখ প্রকাশ করা হচ্ছে।