ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আগামী সোমবার (১৬ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। সকালে সংসদ সদস্যদের এবং বিকেলে মন্ত্রিসভার শপথ নেওয়া হবে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে অন্তর্বর্তী সরকারের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, শপথ অনুষ্ঠানের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন হবে। খুব বেশি হলে ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যে তা অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করা হয়। নির্বাচিত সদস্যদের গেজেট প্রকাশের পর প্রস্তুতি জোরদার করা হয়েছে বলেও জানানো হয়।
সংবিধান অনুযায়ী, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী অথবা তাঁর মনোনীত ব্যক্তি। নির্ধারিত সময়ের মধ্যে তা সম্ভব না হলে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াতে পারবেন। সে ক্ষেত্রে দায়িত্ব পালন করতে পারেন সিইসি এ এম এম নাসির উদ্দীন।
গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ হয়। গতকাল শুক্রবার ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে ইসি। উচ্চ আদালতের নির্দেশনা থাকায় দুটি আসনের ফলাফলের গেজেট এখন জারি করা হচ্ছে না।
নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে বেসরকারিভাবে জয় পেয়েছে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। তাঁদের শরিকেরা পেয়েছে তিনটি আসন।
অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জামায়াতের নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্যের অন্য শরিকেরা পেয়েছে ৯টি আসন। অর্থাৎ জামায়াতে ইসলামী ও তার মিত্ররা পেয়েছে ৭৭ আসন। ইতিমধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।