পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল ও অ্যাডভোকেট তানজিনা ববি লিজা।
এর আগে রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন। গত ৫ জানুয়ারি রমজানে স্কুল বন্ধ রাখতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল।
শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে ওই নোটিশ দেওয়া হয়।
নোটিশে বলা হয়, দেশের প্রায় ৯৮ শতাংশ নাগরিক মুসলমান। স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার প্রথা চালু রয়েছে, যা আইন ও নীতির অংশ হিসেবে বিবেচ্য। সংবিধানের ৩১ অনুচ্ছেদে আইনের শাসনের কথা উল্লেখ রয়েছে এবং ১৫২(১) অনুচ্ছেদে ‘আইন’ বলতে প্রচলিত প্রথা ও রীতিকেও বোঝানো হয়েছে। সে বিবেচনায় রমজানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত অসাংবিধানিক বলে দাবি করা হয়।
আরও বলা হয়, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা সারাদিন স্কুলে যাতায়াত ও ক্লাস করার কারণে রোজা পালনে কষ্টের মুখে পড়তে পারে, যা ধর্মীয় অনুশীলনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। পাশাপাশি রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান চালু থাকলে শহরে যানজট বাড়ে, এতে ভোগান্তি তৈরি হয় বলেও উল্লেখ করা হয়।
নোটিশের জবাব না পাওয়ায় রিটটি দায়ের করা হয়।