পুরো রমজান মাসে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।
এর আগে রোববার (১৪ ফেব্রুয়ারি) পুরো রমজান মাসে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখতে নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ ওই আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল ও অ্যাডভোকেট তানজিনা ববি লিজা।
রমজান মাসে বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল হাইকোর্টে রিট দায়ের করেন। এর আগে গত ৫ জানুয়ারি তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে আইনি নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, দেশের ৯৮ শতাংশ নাগরিক মুসলমান এবং স্বাধীনতার পর থেকে রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা একটি প্রচলিত প্রথা। সংবিধানের ৩১ অনুচ্ছেদ ও ১৫২(১) অনুচ্ছেদের আলোকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় রমজানে খোলা রাখার সিদ্ধান্ত অসাংবিধানিক বলে দাবি করা হয়।
এ ছাড়া নোটিশে উল্লেখ করা হয়, রোজা অবস্থায় শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস করা কষ্টকর হতে পারে এবং এতে ধর্মীয় অনুশীলনে বাধা সৃষ্টি হতে পারে। পাশাপাশি রমজানে স্কুল চালু থাকলে নগর এলাকায় যানজট বাড়ার আশঙ্কার কথাও বলা হয়। নোটিশের জবাব না পাওয়ায় রিটটি করা হয়।