পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের প্রায় ১০ লাখ মানুষকে সুলভ মূল্যে দুধ, ডিম ও মুরগির মাংসসহ প্রোটিনসমৃদ্ধ খাদ্য সহায়তা দেবে সরকার। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহরের পৌর উদ্যানে জেলা পর্যায়ে এই বিক্রয় কার্যক্রমের উদ্বোধনকালে এ তথ্য জানান।
সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পুষ্টিকর খাবার পৌঁছে দিতে পর্যায়ক্রমে সারা দেশে এই কর্মসূচি পরিচালিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, রমজানকে সামনে রেখে বাজার মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে। তিনি স্পষ্টভাবে সতর্ক করে দিয়ে বলেন, বাজারে কোনোভাবেই কৃত্রিম সংকট তৈরি করা বা পণ্যের অতিরিক্ত মূল্য আদায় সহ্য করা হবে না। ভোক্তা পর্যায়ে স্বস্তি ফেরাতে প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করবে।
পোল্ট্রি খাতের উন্নয়ন ও স্থিতি বজায় রাখা প্রসঙ্গে সুলতান সালাউদ্দিন টুকু জানান, পোল্ট্রি শিল্পকে টিকিয়ে রাখতে খামারিদের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে শোনা হচ্ছে। প্রান্তিক খামারিদের প্রয়োজনীয়তা বুঝে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। উদ্বোধনী দিনে পৌর উদ্যানে বিপুলসংখ্যক সাধারণ ক্রেতা সুলভ মূল্যে এসব খাদ্যসামগ্রী সংগ্রহ করেন।
অনুষ্ঠানে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সরকারি এই উদ্যোগের ফলে স্বল্প আয়ের মানুষেরা রমজানে অনেকটাই স্বস্তি পাবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।