হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রবিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন। বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।
আফরোজা খানম জানান, প্রধানমন্ত্রী থার্ড টার্মিনাল দ্রুত চালুর বিষয়ে অত্যন্ত আন্তরিক এবং এ নিয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। সরকার চেষ্টা করছে যেন দ্রুততম সময়ের মধ্যে টার্মিনালটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করা যায়। তবে নির্দিষ্ট করে কবে নাগাদ এটি চালু হতে পারে, সে বিষয়ে এখনই কোনো সময়সীমা জানাননি মন্ত্রী। তিনি বলেন, ‘এখন আলোচনা হবে, প্রয়োজনে তদন্ত হবে। কীভাবে দ্রুত চালু করা যায়, সেটিই এখন আমাদের মূল লক্ষ্য।’
প্রকল্পের অগ্রগতি সম্পর্কে মন্ত্রী জানান, থার্ড টার্মিনালের ৯৯ শতাংশের বেশি কাজ সম্পন্ন হলেও কিছু কাঠামোগত পরিবর্তন ও নেটওয়ার্ক সংক্রান্ত জটিলতার কারণে এটি এখনো চালু করা সম্ভব হয়নি। এই জটিলতাগুলো নিরসনে বেশ কিছু সুপারিশ এসেছে এবং সেই অনুযায়ী কাজ চলছে। কেন এত অগ্রগতি সত্ত্বেও এটি আটকে ছিল—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিষয়টি বিগত অন্তর্বর্তী সরকারের সময়কার হলেও বর্তমান সরকার দ্রুত চালুর লক্ষ্যে কাজ করছে।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে আরও উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।