বাংলাদেশে নতুন সরকার গঠনের পর পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। আজ রবিবার অনুষ্ঠিত এই বৈঠক শেষে তিনি দুই দেশের ঐতিহাসিক ও বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের প্রথম আনুষ্ঠানিক ও সৌজন্যমূলক বৈঠক। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রাথমিক মতবিনিময় হয়। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানানো এবং টেলিফোনে কথোপকথনের বিষয়টি উল্লেখ করেন প্রণয় ভার্মা। তিনি জানান, নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা যোগ দিয়েছিলেন এবং ভারতের প্রধানমন্ত্রীর একটি বিশেষ চিঠিও বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেছেন।
বৈঠকে হাইকমিশনার বলেন, ‘ভারত সবসময় একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।’ তিনি আরও উল্লেখ করেন, ভারত ইতিবাচক, গঠনমূলক এবং দূরদর্শী পন্থায় বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। এই সম্পর্কের মূল লক্ষ্য হলো পারস্পরিক সুবিধা ও স্বার্থের ভিত্তিতে এগিয়ে যাওয়া।
হাইকমিশনার ভিসা সংক্রান্ত জটিলতা নিরসন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি জানান, সব ক্ষেত্রে জনকেন্দ্রিক সহযোগিতা জোরদার করতে একটি দূরদর্শী পন্থায় কাজ করতে চায় ভারত। উভয় দেশ একত্রে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।