১৬ থেকে ১৭ বছর পূর্ণ হয়েছে এমন বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এই বয়সীরা এখনই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন না। আজ রবিবার ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ এক পরিপত্রের মাধ্যমে এই তথ্য জানিয়েছে।
পরিপত্রে উল্লেখ করা হয়, জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০১০ (২০১৩ সালে সংশোধিত)-এর ৫ ধারা অনুযায়ী, আবেদনের তারিখ থেকে যেসব নাগরিকের বয়স ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে বা হবে, তাদের নিবন্ধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তটি ইতোমধ্যে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকসহ মাঠ পর্যায়ের সকল নির্বাচন কর্মকর্তাদের অবগত করা হয়েছে।
ইসির এনআইডি অনুবিভাগের একজন কর্মকর্তা জানান, এই বয়সী নাগরিকরা এনআইডি কার্ড হাতে পেলেও ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত ভোটার হিসেবে গণ্য হবেন না। বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন।
২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ছবিসহ ভোটার তালিকা তৈরির সময় এনআইডি কার্ডের প্রচলন শুরু হয়। শুরুতে ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের লেমিনেটেড কার্ড দেওয়া হলেও ২০১৬ সাল থেকে স্মার্ট এনআইডি কার্ড প্রদান করা হচ্ছে।