আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে বড় ঘোষণা দিয়েছেন সড়ক ও সেতু, রেল এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
তিনি জানিয়েছেন, আজ শনিবার (১৪ মার্চ) রাত থেকেই দূরপাল্লার বাসসহ সব ধরনের গণপরিবহনে জ্বালানি তেল নেওয়ার ক্ষেত্রে আগের মতো আর কোনো সীমাবদ্ধতা (লিমিটেশন) থাকবে না। পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করায় পরিবহন চলাচলে কোনো সংকট হবে না বলেও তিনি আশ্বস্ত করেছেন।
শনিবার (১৪ মার্চ) রাজধানীর বাস টার্মিনালগুলো পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা জানান।
শেখ রবিউল আলম বলেন, ‘আগামীকাল রোববার থেকেই সড়কপথে ঈদযাত্রার চাপ বাড়বে। বিষয়টি মাথায় রেখে গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। আজ রাত থেকেই বাসগুলো তাদের প্রয়োজন অনুযায়ী জ্বালানি সংগ্রহ করতে পারবে, তেলের ক্ষেত্রে কোনো লিমিটেশন কার্যকর থাকবে না।’
পরিদর্শনকালে বিআরটিসির বাস চলাচলের ওপর সন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, নির্ধারিত সময় মেনেই বাস টার্মিনাল ছাড়ছে এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। কোনো পরিবহন যেন জ্বালানি সংকটের অজুহাত দেখিয়ে ভাড়া বৃদ্ধি বা অগ্রিম টিকিট ফেরত না দেয়, সে বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তিনি জানান, ইতিপূর্বে কিছু পরিবহন এমন চেষ্টা করলেও সরকারের সময়োপযোগী নির্দেশনার পর তা বন্ধ হয়েছে।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের প্রস্তুতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, মহাসড়কের যেসব পয়েন্টে নির্মাণকাজ চলছিল, সেখান থেকে সব নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়া হয়েছে। অন্তত দুই থেকে তিনটি লেন যান চলাচলের জন্য সচল রাখা হয়েছে এবং চার লেনের সড়কগুলোতে সবগুলো লেন উন্মুক্ত রাখার ব্যবস্থা করা হয়েছে।