পবিত্র ঈদুল ফিতরের দিন আজ শনিবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তের আকাশ ছিল মেঘলা। কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টির মধ্য দিয়ে ঈদের দিনটি শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় এই বৃষ্টিবলয় আগামীকাল রোববার পর্যন্ত স্থায়ী হতে পারে। এর প্রভাবে দেশের আটটি বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা ছিল এবং কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার পর থেকেই মূলত এই আবহাওয়া বিরাজ করছে। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর জানান, সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। এ সময়ে সর্বোচ্চ ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়। রাজধানীতে আজ বিকেলের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদদের মতে, আফগানিস্তান থেকে পাকিস্তান হয়ে ভারত পর্যন্ত বিস্তৃত প্রায় ১ হাজার কিলোমিটার দীর্ঘ একটি বিশাল মেঘবলয় তৈরি হয়েছে, যার প্রভাব পড়ছে বাংলাদেশেও। সাধারণত ডিসেম্বর থেকে মার্চের মাঝামাঝি সময়ে এমন মেঘবলয় দেখা গেলেও এবার তা কিছুটা দেরিতে এবং মার্চ-এপ্রিলের বজ্রঝড়ের মৌসুমে সক্রিয় হওয়াকে ‘অস্বাভাবিক’ বলে মনে করছেন আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক। তাঁর মতে, ঋতুভেদে বায়ুপ্রবাহের সঠিক পরিবর্তন না হওয়ায় পশ্চিমা লঘুচাপের এমন সক্রিয়তা দেখা দিচ্ছে।
আজ সকালে ঢাকায় বাতাসের গতি ছিল পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার। সকাল ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১ মিনিটে। পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং দেশের অন্যান্য অঞ্চলের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী কয়েক দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ২৩ মার্চ থেকে দেশের অধিকাংশ স্থানের আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে। তবে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। ২৪ ও ২৫ মার্চের দিকে বৃষ্টিপাতের এলাকা আরও সংকুচিত হয়ে আসবে এবং সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুরে ৪৩ মিলিমিটার। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরে ১৫.০ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৫ দিনে তাপমাত্রা আরও বৃদ্ধি পেয়ে পুরোদমে গ্রীষ্মের গরম অনুভূত হতে পারে।