প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (২১ মার্চ) দুপুরে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম ঈদ উদযাপন। তাকে শুভেচ্ছা জানাতে সকাল থেকেই যমুনা প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের ঢল নামে। ড. ইউনূস ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক, সিনিয়র সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
জনসাধারণের জন্য সকাল সাড়ে ৮টা থেকে যমুনার দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই জনস্রোত ইন্টারকন্টিনেন্টাল হোটেল পর্যন্ত বিস্তৃত হয়। পুরো এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপর দেখা গেছে।