জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) এর পদ-পদবী ও সংসদ সদস্য প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন জাতীয় নাগরিক পার্টি সমর্থিত ফেনী-৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী আবুল কাশেম। রবিবার(২৮ ডিসেম্বর) তার নিজ ফেসবুকে ঘোষণা দিয়ে তিনি এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন।
জাতীয় নাগরিক পার্টির ফেনী জেলা যুগ্ম আহবায়ক ও ফেনী-৩ আসনে মনোনীত প্রার্থী আবুল কাশেম তার ফেসবুক আইডি থেকে দেয়া এক পোষ্টে লিখেন -"নীতিগত কারণে NCP থেকে পদত্যাগ ও নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত। প্রিয় ফেনী–৩ এর এলাকাবাসী, আমার সালাম গ্রহণ করবেন।”
তিনি আরও লিখেন, আমি আজ আপনাদের মাধ্যমে জানাতে চাই যে, আমি জাতীয় নাগরিক পার্টি (NCP) থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি না এবং একই সঙ্গে এই দল থেকে পদত্যাগ করেছি। এই সিদ্ধান্তটি আমি ব্যক্তিগত ও নীতিগত বিবেচনায় গ্রহণ করেছি। সাম্প্রতিক সময়ে NCP যে রাজনৈতিক সমঝোতায় যুক্ত হয়েছে, তা আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি ও নীতিগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সে কারণেই পারস্পরিক সম্মানের ভিত্তিতে আমি দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।
এই সিদ্ধান্ত কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে অভিযোগ নয় এবং কোনো ধরনের দ্বন্দ্বের ফলও নয়। মতাদর্শগত ভিন্নতার কারণে আলাদা হওয়াকেই আমি সঠিক ও দায়িত্বশীল পথ বলে মনে করেছি। আমি আপনাদেরই একজন—আপনাদের ভাই, বন্ধু এবং এই এলাকারই সন্তান। এতদিন যারা আমাকে সমর্থন দিয়েছেন, সহযোগিতা করেছেন এবং আগ্রহ প্রকাশ করেছেন—সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে, অনিচ্ছাকৃতভাবে যদি কারও মনে কষ্ট দিয়ে থাকি বা কেউ যদি আমার ওপর মনঃক্ষুণ্ন হয়ে থাকেন, তাদের সকলের প্রতি আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।সকলের প্রতি অনুরোধ থাকবে, আপনারা বিষয়টি নিরপেক্ষভাবে জনগণের সামনে উপস্থাপন করবেন।
বিষয়টি নিশ্চিত করে আবুল কাশেম জানান, জাতীয় নাগরিক পার্টির বর্তমান অবস্থান আমার রাজনৈতিক ক্যারিয়ারের সঙ্গে মানানসই নয়। এই কারণে নিজের অবস্থান থেকে আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থীতা এবং জাতীয় নাগরিক পার্টির সকল পদ-পদবী থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।