হত্যাচেষ্টা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় করা পৃথক দুটি মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।
রোববার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ এবং জশিতা ইসলামের পৃথক আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
আখতার হোসেনের আইনজীবী মুজাহিদুর ইসলাম জানান, ২০২১ সালের করা পৃথক দুই মামলায় আখতার হোসেন আজ আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন এবং জামিন আবেদন করেন। শুনানি শেষে একটি মামলায় ৫০০ টাকা এবং অন্য মামলায় এক হাজার টাকার মুচলেকায় জামিন দেওয়া হয়।
তিনি আরও জানান, আওয়ামী লীগ সরকার আমলে আখতার হোসেনের বিরুদ্ধে মোট ছয়টি মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে চারটি মামলায় তিনি ইতোমধ্যে অব্যাহতি পেয়েছেন। বাকি দুই মামলায় রোববার আত্মসমর্পণ করে জামিন নেন তিনি।
মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে ২০২১ সালের ২৫ মার্চ ঢাকার মতিঝিল এলাকায় ছাত্র ও যুব অধিকার পরিষদের ব্যানারে একটি মিছিল বের করা হয়। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তিকে আটক করে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়ার সময় ছাত্র ও যুব অধিকার পরিষদের কর্মীরা জোরপূর্বক তাঁকে পুলিশের হেফাজত থেকে নিয়ে যান।
এই ঘটনায় শাহবাগ থানায় হত্যাচেষ্টা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।