জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা নেতা মীর আরশাদুল হক আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। তারেক রহমানের রাজনৈতিক নেতৃত্ব ও রাষ্ট্র পুনর্গঠনের পরিকল্পনার প্রতি আস্থা জানিয়ে তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হন।
বুধবার (৭ জানুয়ারি) বেলা দুইটার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন মীর আরশাদুল হক। সাক্ষাৎ শেষে তিনি বিএনপির প্রাথমিক সদস্যপদের ফরম পূরণ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে তা জমা দেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। পরে আরশাদুল হক নিজেও জানান, তারেক রহমানের সঙ্গে প্রায় দশ মিনিটের বেশি সময় কথা হয়েছে। আলোচনায় দেশের ভবিষ্যৎ, রাজনীতির দিকনির্দেশনা এবং রাষ্ট্র গঠনের বিষয় উঠে আসে। তারেক রহমানের সুস্পষ্ট ভিশন ও পরিকল্পনা তাকে আশাবাদী করেছে বলে তিনি মনে করেন এবং সেই লক্ষ্য বাস্তবায়নে ভূমিকা রাখতে চান। এ সময় তারেক রহমান তাকে দলে স্বাগত জানান এবং দেশ পুনর্গঠনের আহ্বান জানান।
বিএনপিতে যোগদানের পর দায়িত্ব প্রসঙ্গে আরশাদুল হক বলেন, দল যে দায়িত্ব দেবে তা নিষ্ঠার সঙ্গে পালন করবেন। বিএনপির মহাসচিব তাকে তরুণ সমাজকে সংগঠিত করে কাজ করার দিকনির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি।
মীর আরশাদুল হক এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ছিলেন। পাশাপাশি তিনি দলটির নির্বাহী কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এনসিপির মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য, পরিবেশ সেলের প্রধান এবং চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারীর দায়িত্বও ছিল তার কাঁধে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ আসনে এনসিপির মনোনয়ন পেয়েছিলেন তিনি। তবে তারেক রহমানের প্রতি সমর্থন জানিয়ে গত ২৫ ডিসেম্বর এনসিপি থেকে পদত্যাগ করেন আরশাদুল হক।
রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সাবেক সহসভাপতি। ছাত্রজীবনে ক্যাম্পাস সাংবাদিকতার সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি বিভিন্ন আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচিতেও সক্রিয় ছিলেন তিনি।