দেশে সমস্যা ছিল, এখনও আছে—তবে কোনো অবস্থাতেই ৫ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরে যাওয়ার পক্ষে নয় বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অতীতের ভুল অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতেই হবে।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর বনানীতে একটি হোটেলে গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তারেক রহমান।
তিনি বলেন, প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির পরিণতি কী হতে পারে, তা দেশের মানুষ ৫ আগস্ট প্রত্যক্ষ করেছে। মতপার্থক্য থাকতেই পারে, তবে তা আলোচনার মাধ্যমে কমিয়ে আনতে হবে। মতপার্থক্য যেন কখনোই মতবিরোধ কিংবা সংঘাতের পর্যায়ে না যায়—সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
দেশে ফেরার পর বিভিন্ন স্থানে সফরের অভিজ্ঞতা তুলে ধরে তারেক রহমান বলেন, তার কাছে মনে হয়েছে নতুন প্রজন্ম একটি দিকনির্দেশনা ও আশার সন্ধান করছে। শুধু নতুন প্রজন্ম নয়, সব প্রজন্মই একটি স্পষ্ট গাইডেন্স প্রত্যাশা করে। যারা রাজনীতি করেন, তাদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেশি। সব প্রত্যাশা পূরণ করা সম্ভব না হলেও, যদি রাজনীতিবিদরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আন্তরিকভাবে কাজ করেন, তাহলে জাতিকে সঠিক পথে এগিয়ে নেওয়া সম্ভব হবে।
নারীদের নিরাপত্তা বিষয়ে এক নারী সাংবাদিকের প্রশ্নের জবাবে বিএনপির চেয়ারম্যান বলেন, নিরাপত্তা কেবল নারীর বিষয় নয়—নারী ও পুরুষ সবারই নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তিনি বলেন, গত বছর সড়ক দুর্ঘটনায় প্রায় সাত হাজার মানুষ নিহত হয়েছেন, যা স্বাভাবিক নয়। কোনো বছর দুর্ঘটনার সংখ্যা কম, কোনো বছর বেশি হলেও এত প্রাণহানি কেন ঘটছে—সে প্রশ্ন রাজনীতিবিদদের গভীরভাবে ভাবা উচিত বলে মন্তব্য করেন তিনি।
মতবিনিময় অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশবাসী আজ তারেক রহমানের দিকে তাকিয়ে আছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদসহ বিএনপির শীর্ষস্থানীয় নেতারা।
সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন শফিক রেহমান, আবদুল হাই সিকদার, নুরুল কবির, মতিউর রহমান চৌধুরী, মাহমুদুর রহমান, আযম মীর, শাহিদুল আহসান, জহিরুল আলমসহ আরও অনেকে। এ ছাড়া সাংবাদিক নেতাদের মধ্যে এম এ আজিজ, কাদের গণি চৌধুরী, হাসান হাফিজ, শহিদুল ইসলাম ও খুরশীদ আলম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, যুক্তরাজ্যে প্রায় দেড় দশক নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পাঁচ দিনের মাথায়, ৩০ ডিসেম্বর, তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। এর ১০ দিন পর শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তাকে আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়। দায়িত্ব গ্রহণের পরদিনই প্রথম কর্মসূচি হিসেবে তিনি গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেন।