ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বরিশাল–৫ (সদর–সিটি) ও বরিশাল–৬ (বাকেরগঞ্জ) আসনে নির্বাচন করবেন। এ দুটি আসনের মধ্যে একটিতে জামায়াতে ইসলামীর প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করা হবে বলে জানানো হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস-এর সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের বৈঠক শেষে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, ইসলামী আন্দোলনের নায়েবে আমিরের আসনে জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌজন্যতার অংশ হিসেবে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের একটি আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করা হবে।
পরে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, বরিশাল–৬ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করা হবে।
ইসলামপন্থী দলগুলোর ভোট একত্রিত করার লক্ষ্যে জামায়াতে ইসলামীর সঙ্গে যে দলগুলোর নির্বাচনী ঐক্যের আলোচনা চলছিল, সেখানে শুরু থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবস্থানে ছিল। জামায়াত ও ইসলামী আন্দোলনসহ আটটি দল প্রায় এক বছর ধরে যুগপৎ আন্দোলন করেছে।
সাম্প্রতিক সময়ে ইসলামপন্থী দলগুলোর এই নির্বাচনী ঐক্যে যোগ দেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতে জোটের সদস্য সংখ্যা দাঁড়ায় ১১টিতে। তবে আসন সমঝোতা নিয়ে মতবিরোধের কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে না গিয়ে আলাদাভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয়। এই প্রেক্ষাপটে দলটির জ্যেষ্ঠ নেতা মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের একটি আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে জামায়াতে ইসলামী।
