বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দুই দশক পর আজ ময়মনসিংহ যাচ্ছেন। মঙ্গলবার বেলা ১১টা ৪ মিনিটে গুলশানের বাসা থেকে রওনা দেন তিনি। দুপুর আড়াইটায় ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে নির্বাচনী জনসভায় তার ভাষণ দেওয়ার কথা রয়েছে।
এদিকে জনসভা ঘিরে নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে প্রস্তুত করা হয়েছে মঞ্চ। আজ সকাল থেকেই নেতাকর্মীরা সেখানে জড়ো হতে শুরু করেছেন। প্রিয় নেতাকে এক নজর দেখতে এবং তার বক্তব্য শুনতে অপেক্ষার প্রহর গুনছেন তারা।
বিএনপির নেতারা জানান, দুপুর আড়াইটায় ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান। এজন্য প্রস্তুত করা হয়েছে ৬৪ ফুট দৈর্ঘ্য এবং ৪৪ ফুট প্রস্থের মঞ্চ। তার ভাষণ প্রচার করা হবে ৭০টি মাইকে। পাশাপাশি মঞ্চ থেকে দুটি এবং মঞ্চের দুই পাশ থেকে আরও দুটি এলইডি স্ক্রিনে দেখানো হবে ভাষণ। জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি।
ময়মনসিংহ থেকে ফেরার পথে একই দিন সন্ধ্যা ৬টায় গাজীপুর জেলা শহরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন তারেক রহমান। এরপর সন্ধ্যা৭টায় রাজধানীর উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি। কর্মসূচি শেষে গুলশানের বাসভবনে ফিরবেন বিএনপি চেয়ারম্যান।