বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হন, তবে তা হবে বিশ্বের ইতিহাসে বিরল একটি ঘটনা এবং নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ২ ও ১৪ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগের অংশ হিসেবে আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, জিয়া পরিবার থেকে একজন রাষ্ট্রপতি ও একজন তিনবারের প্রধানমন্ত্রী এসেছেন। সেই ধারাবাহিকতায় তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তা ইতিহাসে নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হবে। তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুজনই নির্যাতনের শিকার হয়েছেন, আবার সম্মান ও শ্রদ্ধাও পেয়েছেন।
তিনি আরও বলেন, সরকারের ফ্যাসিবাদী আচরণের কারণে দীর্ঘ সময় নির্বাসিত জীবন কাটাতে হয়েছে তারেক রহমানকে। দেশে ফিরে লাখো মানুষের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি আল্লাহর সাহায্য কামনা করেছেন এবং শান্তির কথা বলেছেন। সেখানে কোনো প্রতিহিংসা বা প্রতিশোধের ভাষা ছিল না।
এ্যানির বক্তব্যে আরও বলা হয়, তারেক রহমান বর্তমানে গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন। তিনি বলেন, জিয়া পরিবার একদিকে যেমন নির্যাতিত হয়েছে, অন্যদিকে তেমনি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধাও পেয়েছে। তাঁদের জানাজায় মানুষের বিপুল উপস্থিতি সেটির প্রমাণ।
লক্ষ্মীপুর-৩ আসনের এই প্রার্থী বলেন, ১২ ফেব্রুয়ারি সবাই এক হয়ে ধানের শীষে ভোট দিলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তাঁর মতে, দীর্ঘ আন্দোলন–সংগ্রামের মধ্য দিয়েই এই নির্বাচনের সুযোগ তৈরি হয়েছে এবং সেই পথচলায় জনগণের পাশাপাশি জিয়া পরিবার সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে।
এ সময় জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া ও আবুল হাশেম, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।