বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যশোর অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো ফুল চাষ। পোশাকশিল্পের মতো ফুলও বিদেশে রপ্তানি করার লক্ষ্য নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে যশোর উপশহর কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। এর আগে খুলনায় আরেকটি নির্বাচনী জনসভায় বক্তব্য দেন তিনি। যশোরের সভায় তিনি যশোর ও কুষ্টিয়া অঞ্চলের সাত জেলার দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সভায় নির্বাচন প্রসঙ্গে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার কথাও বলেন বিএনপি চেয়ারম্যান। তার বক্তব্যে বলা হয়, নির্বাচনকে ‘বিতর্কিত’ ও ‘বাধাগ্রস্ত’ করতে একটি রাজনৈতিক দল তৎপর রয়েছে।
বক্তৃতায় ওই দলের নাম উল্লেখ না করে সমালোচনা করেন তারেক রহমান। তিনি বলেন, একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা কর্মজীবী নারীদের নিয়ে ‘কুরুচিপূর্ণ’ কথা বলেছেন। পরে সমালোচনার মুখে ওই পক্ষ ‘অ্যাকাউন্ট হ্যাকড’ হওয়ার ব্যাখ্যা দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। তারেক রহমানের দাবি, প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে—অ্যাকাউন্ট হ্যাক হয়নি; ফলে ওই দল ‘মিথ্যা কথা’ বলছে।
তিনি আরও বলেন, যারা মানুষের কাছে মিথ্যা কথা বলে, তারা বিভিন্নভাবে আর্থিক সহায়তার নম্বরও দিচ্ছে—এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
একাত্তরের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ওই দলের ভূমিকার কারণে সে সময় ‘লাখ লাখ’ নারী নির্যাতনের শিকার হয়েছেন। তার বক্তব্যে বলা হয়, জনগণকে সঙ্গে নিয়ে তাদের ‘ষড়যন্ত্র’ প্রতিহত করতে হবে।