ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাই পীর) মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ইসলামের পক্ষে অবস্থান ঘোষণার পর দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছিল। তবে ইসলামের নামে একটি দল ক্ষমতা ও স্বার্থের জন্য যুক্তরাষ্ট্র ও ভারতের সঙ্গে গোপনে বৈঠক করেছে বলে তিনি অভিযোগ করেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ভোলার চরফ্যাশনের টি বি স্কুল মাঠে ভোলা–৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কামাল উদ্দিনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা আর আমেরিকা ও ভারতের ইনসাফ দেখতে চাই না; আমরা মদিনা ও ইসলামের ইনসাফ দেখতে চাই।’ তাঁর ভাষ্য অনুযায়ী, ইসলামের নামে রাজনীতি করে যারা প্রচলিত আইনে দেশ চালানোর কথা বলছে, বাস্তবে তাদের অবস্থান ভিন্ন। তিনি দাবি করেন, অতীতে দুর্নীতির সময় ইসলামের নাম ব্যবহার করে অনেকে সংশ্লিষ্ট ছিল এবং সেই দায় এড়ানোর সুযোগ নেই।
চরমোনাই পীর বলেন, গত ৫৪ বছরে সরকার পরিবর্তন হলেও ভোটের মাধ্যমে যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে মানুষ রায় দিয়েছে, তার বাস্তব প্রতিফলন দেখা যায়নি। পরিবর্তনের জন্য একমাত্র নীতি ও আদর্শ হিসেবে ইসলামকে উল্লেখ করে তিনি বলেন, ইসলাম ও শরীয়াহ একে অপরের পরিপূরক; ইসলামের বিধিবিধানই শরীয়াহ।
বক্তব্যের শেষাংশে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
জনসভায় ভোলা–৪ আসনের প্রার্থী প্রফেসর কামাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করিম আকরাম, সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক কে এম শরিয়াতুল্লাহ, ইসলামী স্কলার মুফতি হাবিবুর রহমান মিসবাহ এবং মাওলানা হাসিব আর রহমান।
এর আগে ও পরে চরমোনাই পীর ভোলার লালমোহন ও সদর এলাকায় ভোলা–৩ ও ভোলা–১ আসনের প্রার্থীদের নির্বাচনী জনসভায়ও বক্তব্য দেন।