বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে এক জরুরি বৈঠকের মাধ্যমে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
বগুড়া শহর জামায়াতের আমির ও দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবিদুর রহমান সোহেল এই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে লড়বেন। শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন জানান, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে প্রার্থীর পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হবে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে এই আসন থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সেই নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল দ্বিতীয় অবস্থানে ছিলেন। তারেক রহমান আসনটি ছেড়ে দেওয়ায় নির্বাচন কমিশন নতুন তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ এপ্রিল এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে এই উপ-নির্বাচনে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাকে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। ফলে এই আসনে প্রধান দুই রাজনৈতিক দলের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে।
বগুড়া-৬ সদর আসনে বর্তমানে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা ২ লাখ ৩০ হাজার ৩৭৪ এবং পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৫ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ১০ জন এবং ৩ হাজার ৭৩৪ জন পোস্টাল ভোটার রয়েছেন।