চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা শাখার আহ্বায়কসহ চার শীর্ষ নেতা দল থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে তারা জেলা প্রেসক্লাবে এসে স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে পদত্যাগপত্রের অনুলিপি হস্তান্তর করেন।
পদত্যাগকারী নেতারা হলেন—জেলা শাখার আহ্বায়ক মো. আলাউল হক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাজমুল হুদা খান রুবেল, যুগ্ম আহ্বায়ক শেখ ওলিউল ইসলাম কাফি এবং যুগ্ম সদস্য সচিব সৈয়দ কিবরিয়া।
পদত্যাগপত্রের অনুলিপিতে ব্যক্তিগত কারণ দেখিয়ে দলের সব পদ থেকে অব্যাহতি নেওয়ার কথা উল্লেখ করেছেন নেতারা। জেলা আহ্বায়ক মো. আলাউল হক জানিয়েছেন, পারিবারিক ও ব্যক্তিগত ব্যস্ততার কারণে তিনি দলের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছিলেন না, যার ফলে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগকারী নেতারা আরও জানান, তাদের পদত্যাগপত্র দলটির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের কাছেও পাঠানো হয়েছে। স্থানীয় রাজনৈতিক মহলে এই পদত্যাগের ঘটনাকে ঘিরে বিভিন্ন জল্পনা-কল্পনা তৈরি হলেও, নেতারা আনুষ্ঠানিকভাবে ব্যক্তিগত সমস্যার কথাই সামনে এনেছেন।