সাম্প্রতিক বিক্ষোভের ক্রমবর্ধমান হতাহতের ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প ইরানের ব্যবসায়িক অংশীদারদের উপর নতুন করে শুল্ক আরোপ করেছেন।
চলমান আন্দোলনে তেহরান বিক্ষোভকারীদের হত্যা করলে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর নতুন করে শুল্ক আরোপের এই ঘোষণা দিলেন ট্রাম্প।
সোমবার মার্কিন প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষণা দেন। তিনি লিখেছেন, যে সকল দেশ ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাথে ব্যবসা করছে তারা ২৫% শুল্ক প্রদান করবে এবং এটা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
এই সিদ্ধান্তের কারণে কোন দেশের আমদানি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সে সম্পর্কে অতিরিক্ত তথ্য জানায়নি হোয়াইট হাউস।
তেহরানের সাথে ব্যবসা করে এমন দেশের মধ্যে ব্রাজিল, চীন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং রাশিয়া রয়েছে।
ইরানের অন্যান্য শীর্ষ বাণিজ্য অংশীদারদের মধ্যে ভারতও রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে নয়াদিল্লির উপর ৫০% শুল্ক চাপিয়ে দিয়েছে।
চীন সম্ভাব্য শুল্ক আরোপকে অবৈধ বলে সমালোচনা করেছে।
এদিকে ইরানের বিক্ষোভে প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছে বলে তেহরানের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে।
ওই কর্মকর্তা বলছেন, এই সংখ্যায় নিরাপত্তা কর্মীদের অন্তর্ভুক্ত এবং মৃত্যুর জন্য সন্ত্রাসীদের দায়ী করা হয়েছে।
টিবিএফ/