আইপিএলে মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কেনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের ত্রিপুরার মহারাজা এবং ‘তিপ্রা মথা’ পার্টির প্রতিষ্ঠাতা প্রদ্যোত কিশোর মাণিক্য দেববর্মা। তিনি অভিযোগ করেন, বিদেশি খেলোয়াড়দের চড়া দামে কেনা হলেও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের প্রতিভাবান ক্রিকেটাররা দিনের পর দিন অবহেলার শিকার হচ্ছেন।
শুক্রবার (২০ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও আইপিএল কর্তৃপক্ষের নীতিকে সমালোচনা করেন।
প্রদ্যোত কিশোর বলেন, বিদেশি খেলোয়াড়দের পেছনে কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে, অথচ ত্রিপুরার মণিশংকর মুরাসিংয়ের মতো ক্রিকেটাররা ধারাবাহিক পারফর্মেন্স দেখালেও সুযোগ পাচ্ছেন না। তিনি জানান, ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতা থাকা সত্ত্বেও উত্তর-পূর্ব ভারতের খেলোয়াড়দের প্রতি এই বিমাতাসুলভ আচরণ গ্রহণযোগ্য নয়।
আইপিএলের নিলামে মোস্তাফিজুরের বিশাল অঙ্কের বিনিময়ে দল পাওয়ার প্রসঙ্গ টেনে প্রদ্যোত কিশোর মনে করেন, উত্তর-পূর্ব ভারতের মেধাবী ক্রিকেটাররা যথাযথ নজরদারির অভাবে হারিয়ে যাচ্ছেন। তিনি বলেন, ‘যখন একজন বাংলাদেশি ক্রিকেটার ৯ কোটি ২০ লাখ রুপি পান, আর আমাদের প্রতিভাবান ক্রিকেটাররা উপেক্ষিত থাকে, তখন ভারতীয় হিসেবে প্রশ্ন ওঠে—আমরা কি একটু বেশিই নমনীয় হচ্ছি না?’
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা ও দূতাবাসের বাইরে হুমকির প্রসঙ্গও উল্লেখ করে তিনি ভারতের দ্বিমুখী আচরণের সমালোচনা করেন। পাকিস্তানের উদাহরণ টেনে বলেন, ‘জাতীয় আবেগ ও নিরাপত্তার দোহাই দিয়ে ভারত পাকিস্তানকে বয়কট করে, অথচ বাংলাদেশের সঙ্গে ব্যবসা চালিয়ে যাচ্ছে। জাতীয় নিরাপত্তা ও আত্মসম্মানের চেয়ে কি ব্যবসাই বড়?’
প্রদ্যোত কিশোর ভারতের অন্য রাজনৈতিক দলগুলোর নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন এবং বিসিসিআইকে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট সংস্থা উল্লেখ করে বলেন, ‘তাদের গুরুত্বের জায়গাটি কোথায়, তা নিয়ে আত্মসমালোচনার সময় এসেছে। আগে কি জাতীয় সম্মান ও নিরাপত্তা, নাকি শুধুই ব্যবসা?’