আসন্ন আইপিএলে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে খেলতে না দেওয়ার সিদ্ধান্ত ঘিরে দেশের ক্রিকেটাঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সিদ্ধান্তের পর শনিবার (৩ জানুয়ারি) মুস্তাফিজকে দলে না রাখার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে তাঁর ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বাংলাদেশ ও ভারত—দুই দেশেই বিষয়টি নিয়ে আলোচনা চললেও এতক্ষণ নীরব ছিলেন মুস্তাফিজ নিজে। এবার প্রতিক্রিয়া জানালেন তিনি।
দেশের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে খুব বেশি কিছু বলেননি স্বল্পভাষী এই পেসার। মুস্তাফিজ বলেন, ‘ছেড়ে দিলে কী আর করার?’—এই এক লাইনের মন্তব্যেই নিজের হতাশা প্রকাশ করেন তিনি।
আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে দুঃখজনক বলে মনে করছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তিনি বলেন, ‘কী বলব ভাই, খুবই দুঃখজনক। আশা করি, দুই দেশের বোর্ড ও সরকার মিলে বিষয়টি নিয়ে একটা সিদ্ধান্তে আসবেন।’
এদিকে আগামী ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠেয় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে মুস্তাফিজ ইস্যু ও বিশ্বকাপে বাংলাদেশের দল পাঠানো নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) শনিবার রাত ৯টায় জরুরি বৈঠক বসেছে।
মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘এরকম একটা উগ্র রাষ্ট্রকে কোনো প্রকার আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের সুযোগ দেওয়া উচিত না। সরকার ও বিসিবির যৌথ উদ্যোগে অপরাপর ক্রিকেট খেলুড়ে দেশের সাথে আলোচনার ভিত্তিতে ভারতকে আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের অনুপযুক্ত হিসেবে ঘোষণা করা উচিত।’
আইপিএলের মতো বড় মঞ্চে বাংলাদেশের অন্যতম সফল বোলারের অংশগ্রহণ বন্ধ হয়ে যাওয়ায় কেবল ক্রীড়াঙ্গনেই নয়, কূটনৈতিক ও প্রশাসনিক পর্যায়েও বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।