ভারতে অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার অবস্থানে অনড় থাকছে বাংলাদেশ। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খুব শিগগিরই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার বিকেলে সচিবালয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করেন বিসিবির শীর্ষ কর্তারা। বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি ফারুক আহমেদসহ কয়েকজন পরিচালক উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বোর্ডের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। এক–দুই দিনের মধ্যেই আইসিসিকে এ সিদ্ধান্ত জানানো হবে।
যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আমরা (বাংলাদেশ) কষ্ট করে কোয়ালিফাই করে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছি। আমরা ক্রীড়াপাগল, ক্রিকেট ভক্ত জাতি। আমরা অবশ্যই খেলতে চাই। কিন্তু এটা আমরা জাতির অবমাননার বিনিময়ে, আমাদের ক্রিকেটার, আমাদের দর্শক, আমাদের সাংবাদিক- তাদের নিরাপত্তার বিনিময়ে, দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ খেলতে চাই না।
তিনি বলেন, ভারতের সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে কিছু বলতে চাই না। তবে আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা প্রশ্নে আমরা কোনো আপোষ করবো না। আমরা ক্রিকেট, বিশ্বকাপ খেলতে চাই; আরেকটি আয়োজক দেশ শ্রীলঙ্কায় খেলতে চাই। এই অবস্থানে আমরা অনড় আছি। কেন এই অবস্থানে অনড় আছি, আশা করি আইসিসিকে সেটি বোঝাতে সক্ষম হবো এবং আইসিসি আমাদের যুক্তিগুলো সহৃদয়তা-নিরপেক্ষতার সাথে বিবেচনা করে আমরা কষ্ট করে যে অর্জনটা করেছি, সেই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ করে দেবে।
আসিফ নজরুল আরও বলেন, আমাদের প্রথম অবস্থান হচ্ছে, আইসিসিকে বোঝানো। আমাদের যথেষ্ট শক্ত যুক্তি আছে। সেটি দিয়ে আইসিসিকে বুঝাবো। আমাদের স্ট্যান্ড হচ্ছে বাংলাদেশের নিরাপত্তা, সম্মান, মর্যাদার প্রশ্নে আপোষ করবো না। কিন্তু অবশ্যই ক্রিকেট বিশ্বকাপ খেলতে চাই। পরবর্তী পরিস্থিতি অনুযায়ী আবার আমরা বসে সিদ্ধান্ত নেবো। এখন পর্যন্ত সিদ্ধান্ত পরিষ্কার, আইসিসিকে বুঝাবো ভারতে খেলার মতো পরিবেশ নেই। আজ রাতে কিংবা কাল সকালের মধ্যে চিঠি দেয়া হবে।
সম্প্রতি মুস্তাফিজুর রহমানকে ঘিরে আইপিএল ইস্যুতে ক্রীড়াঙ্গনে যে উত্তেজনা তৈরি হয়েছে, তার প্রভাব পড়েছে আন্তর্জাতিক সূচির ওপরও। টাইগার পেসারকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর পাল্টা অবস্থান হিসেবে বিসিবি ভারতের মাটিতে টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে আপত্তি জানায় এবং বিষয়টি সরাসরি আইসিসিকে অবহিত করে।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি জানান, নিরাপত্তা শঙ্কার বিষয়টি নতুন করে আইসিসির সঙ্গে আলোচনা করা হবে। তার ভাষায়, ‘ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার ব্যাপারে আমরা অনড়। আজ অথবা আগামীকাল আইসিসিকে আবার চিঠি দেওয়া হবে।’
ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আইসিসি থেকে পাওয়া সাম্প্রতিক চিঠি পর্যালোচনা করে তাদের মনে হয়েছে, বাংলাদেশের ক্রিকেটারদের জন্য ভারতে যে গুরুতর নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে, আইসিসি তা পুরোপুরি উপলব্ধি করতে পারেনি।
উল্লেখ্য, আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের চারটি ম্যাচই ভারতের ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার সূচি রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ–ভারত কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে ম্যাচগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এসব ম্যাচ ভারতের বাইরে সরিয়ে নেওয়ার জন্য আগেই আইসিসির কাছে অনুরোধ জানিয়েছে বিসিবি।