আইসিসির চিঠি
আইসিসির নিরাপত্তা পর্যবেক্ষণ বাংলাদেশের ক্রিকেট দলের জন্য ভারতে খেলার ঝুঁকিপূর্ণ পরিবেশের বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তার ভাষায়, নিরাপত্তার নামে যেসব শর্ত সামনে আনা হয়েছে, সেগুলো বাস্তবসম্মত বা গ্রহণযোগ্য নয়।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে বাফুফে ভবনে সৌজন্য সফরে গিয়ে প্রায় এক ঘণ্টা ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ক্রীড়া উপদেষ্টা। শুরুতেই তিনি বলেন, ‘আপনারা যেটা শুনতে চান, আমি জানি। ফুটবলে আসলেও ক্রিকেটের বিষয়েই বলবেন। এরপরও অনুরোধ করব ফুটবলের বিষয়টিও বলবেন।’
ফুটবল ও বাফুফে-সংক্রান্ত কিছু বিষয় আলোচনার পর তিনি নিজেই ক্রিকেট বিশ্বকাপ প্রসঙ্গ তোলেন। আসিফ নজরুল জানান, আইসিসির নিরাপত্তা টিম একটি চিঠিতে তিনটি বিষয়ে উদ্বেগের কথা জানিয়েছে। তার ভাষায়, ‘প্রথমত, মোস্তাফিজ যদি বাংলাদেশ দলে অর্ন্তভুক্ত হয়, দ্বিতীয়ত বাংলাদেশের সমর্থকরা ভারতে জার্সি পরে ঘোরাফেরা করলে, তৃতীয়ত নির্বাচন যত এগিয়ে আসবে তত বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা বৃদ্ধি পাবে।’
এই পর্যবেক্ষণ নিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমরা আমাদের শ্রেষ্ঠ বোলার বাদ দিয়ে দল করব, সমর্থকেরা জার্সি পরতে পারবে না, ক্রিকেটের জন্য নির্বাচন পিছিয়ে দেব—এর চেয়ে উদ্ভট, অবাস্তব ও অযৌক্তিক কিছু হতে পারে না।’
মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে আগেও তিনি বলেছিলেন, ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা বাংলাদেশের জন্য নিরাপদ নয়। সেই অবস্থান যে যৌক্তিক, আইসিসির নিরাপত্তা টিমের পর্যবেক্ষণ তা আবারও প্রমাণ করেছে বলে মন্তব্য করেন আসিফ নজরুল। তিনি বলেন, ‘এই পর্যবেক্ষণ সন্দেহাতীতভাবে প্রমাণ করে ভারতে গিয়ে বাংলাদেশের খেলার পরিবেশ নেই।’
ভারতের পরিবর্তে অন্য দেশে ম্যাচ আয়োজনের প্রসঙ্গেও কথা বলেন ক্রীড়া উপদেষ্টা। পাকিস্তান ভারতের বদলে শ্রীলঙ্কায় খেলবে এবং বিসিবিও আইসিসির কাছে একই দাবি জানিয়েছে—এমন প্রশ্নে তিনি বলেন, ‘মিডিয়ায় পাকিস্তানের আগ্রহের বিষয়টি দেখেছি। বিষয়টি সত্য-মিথ্যা জানি না। তবে ভারতের পরিবর্তে অন্য কোনো দেশে খেলতে আমাদের কোনো আপত্তি নেই।’
আইসিসির নিরাপত্তা টিমের চিঠি কবে এবং কাকে পাঠানো হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি আসিফ নজরুল। তবে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সংশ্লিষ্ট চিঠিটি পরে গণমাধ্যমকে দেওয়া হবে।