চলতি বছরের সেপ্টেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ আয়োজনের পরিকল্পনা চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পূর্বনির্ধারিত অথচ পরবর্তীতে স্থগিত হওয়া এই সিরিজটি এখন আগামী আগস্ট-সেপ্টেম্বর উইন্ডোতে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৮ আগস্ট তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ভারতীয় দলের।
বিসিবির নতুন সূচি অনুযায়ী, ওয়ানডে সিরিজের ম্যাচগুলো মাঠে গড়াবে ১, ৩ ও ৬ সেপ্টেম্বর। এরপর ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। ভারতের বিপক্ষে এই সিরিজের কারণেই আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডকে তাদের সফর পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে বিসিবি। তবে আয়ারল্যান্ডের ব্যস্ত সূচির কারণে চলতি বছর তা সম্ভব হচ্ছে না।
এ বিষয়ে বিসিবির এক কর্মকর্তা জানান, ‘আয়ারল্যান্ডকে আমরা অন্য কোনো সময়ে সিরিজটি আয়োজনের অনুরোধ করেছিলাম, কিন্তু তাদের ব্যস্ত সূচির কারণে তা সম্ভব হচ্ছে না। আশা করছি, ২০২৭ সালে এই সফরের জন্য নতুন একটি সময় খুঁজে পাওয়া যাবে।’
উল্লেখ্য, আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে বর্তমানে ৭৯ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে বাংলাদেশ। সম্প্রতি ঘরের মাঠে পাকিস্তানকে ২-১ ব্যবধানে সিরিজ হারানোর পর ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে টাইগাররা। ভারতের বিপক্ষে এই আসন্ন সিরিজটি র্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান আরও মজবুত করার বড় সুযোগ হিসেবে দেখছে বাংলাদেশ।