টাঙ্গাইল-৫ (সদর) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের মূল অবদান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। তিনি নেতৃত্ব দিয়ে দেশকে ঐক্যবদ্ধ করেছিলেন, আর শেখ মুজিব দেশের মানুষকে দ্বিধাদ্বন্দের মধ্যে ফেলেছিলেন।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলে জেলা ব্যবসায়ী ঐক্যজোটের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানে তিনি বলেন, দেশের মানুষের ক্ষুদ্র একটি অংশ স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল, কিন্তু সব আন্দোলনে দেশের জনগণ জয় পেয়েছে জিয়া পরিবারের নেতৃত্বে।
সালাউদ্দিন টুকু আরও বলেন, অনেক রাজনৈতিক দল দেশের স্বার্থে কাজ করার কথা বললেও মাঝে মাঝে বেইমানি করেছে। ১৯৮৬ সালে শেখ হাসিনা বলেছিলেন, এরশাদের নেতৃত্বে যারা নির্বাচনে যাবে, তারা জাতীয় বেইমান; কিন্তু ঠিক পরের দিন তিনি নিজে এরশাদের নেতৃত্বে নির্বাচনে অংশ নেন। এছাড়া তিনি বলেন, কিছু দলের নেতাকর্মীরা দেশের মানুষকে ফ্যাসিস্ট হিসেবে উল্লেখ করছে—এদের মাধ্যমে সুযোগ চাওয়াকে জনগণ ১৯৭১ সালে দেখেছে।
তিনি দেশের জনগণ ছাড়া রাজনীতি সম্ভব নয় উল্লেখ করে বলেন, জনগণকে শোষণ করা যাবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের গার্মেন্টস শিল্প ও রেমিট্যান্স বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
সভায় জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতারা।