যশোরের মণিরামপুরে প্রকাশ্যে গুলি করে রানা প্রতাপ (৪৫) নামে এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কপালিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। দিনের আলোতে জনসমাগমপূর্ণ এলাকায় এ হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নিহত রানা প্রতাপ পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের তুষার কান্তি বৈরাগীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে কপালিয়া বাজারে অবস্থান করছিলেন রানা প্রতাপ। সন্ধ্যা পৌনে ৬টার দিকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা এগিয়ে আসার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
ঘটনার পর কপালিয়া বাজার ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।’
উল্লেখ্য, এর আগে শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় যশোর শহরের শংকরপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন নিহত হন।