জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেনী জেলা শাখার সহসাংগঠনিক সম্পাদকসহ পাঁচ নেতা পদত্যাগ করেছেন। দলটির নীতি ও রাজনৈতিক অবস্থান নিয়ে মতভেদের কারণেই তারা স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের বিষয়টি জানান নেতারা। পদত্যাগকারীরা হলেন—এনসিপি ফেনী জেলা শাখার সহসাংগঠনিক সম্পাদক জুলাই যোদ্ধা ওমর ফারুক শুভ, সহসাংগঠনিক সম্পাদক আবদুর রহিম বাবু, সদস্য আজিমুল হক, জোনায়েদ হোসেন ও নুরে আজিম।
সংবাদ সম্মেলনে তারা জানান, আপাতত কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেই। বরং সাধারণ জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় থাকার কথা জানান তারা।
এ সময় ওমর ফারুক শুভ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর এনসিপি মধ্যমপন্থার রাজনীতি করবে বলে আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিল, তারা তা রক্ষা করেনি। দলটি তাদের নীতি ও আদর্শ থেকে সরে এসেছে। আমরা দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছি। এখন স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছি।’ তিনি জানান, তাদের পদত্যাগপত্র ইতোমধ্যে এনসিপির জেলা কমিটির কাছে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ফেনী জেলা এনসিপির সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক বলেন, ‘পদত্যাগের বিষয়টি আমরা শুনেছি, তবে এখনো আনুষ্ঠানিক কোনো চিঠি হাতে পাইনি। পরে বিস্তারিত জানানো হবে।’