বাগেরহাটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী, যুগ্ম সমন্বয়কারীসহ ১২ জন পদত্যাগ করেছেন। রোববার (১১ জানুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তাঁরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির বাগেরহাট সদর উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আলী হুসাইন। পদত্যাগকারী অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম সমন্বয়কারী কাজী মাহফুজুর রহমান, সদস্য আশিকুর রহমান, শেখ রাসেল, শেখ মিজানুর রহমান, মো. হাসান শেখ, মো. শহীদুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, শেখ নাবিল হোসেন, মো. জনি, মুনিয়া আক্তার এবং মো. রাতুল আহসান। প্রেসক্লাবে পদত্যাগ ঘোষণা দেওয়ার সময় ছয়জন উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে আলী হুসাইন উল্লেখ করেছেন, ‘গত বছরের ৩ জুন এনসিপির দায়িত্ব গ্রহণের পর ২৪–এর গণ-অভ্যুত্থান ও নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকারের সঙ্গে বর্তমান রাজনৈতিক বাস্তবতার অসামঞ্জস্যতা লক্ষ্য করেছি। নতুন বন্দোবস্তের স্বপ্ন পূরণ না হওয়ায় আর এনসিপির সঙ্গে পথচলা সম্ভব নয়। ব্যক্তিগত ও রাজনৈতিক দর্শনের সাংঘর্ষিকতার কারণে প্রধান সমন্বয়কারীর পদ থেকে পদত্যাগ করছি।’
সংবাদ সম্মেলনের শেষে তিনি জানান, পদত্যাগপত্র দলের সংশ্লিষ্ট সব দপ্তরে পৌঁছে দেওয়া হবে। আলী হুসাইন বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর দলের নাম ব্যবহার করে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হইনি। তাই আজ থেকে এর দায় আমার ওপর থাকবে না।’ লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়েছে, পদত্যাগের সঙ্গে ১২ জন সদস্য তাঁর একাত্মতা প্রকাশ করেছেন।