পটুয়াখালী–৩ (গলাচিপা–দশমিনা) আসনে বিএনপির দুই উপজেলা কমিটি বিলুপ্ত করেছে দলটির কেন্দ্রীয় কমিটি। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি–সমর্থিত প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর–এর পক্ষে সাংগঠনিকভাবে কাজ না করায় গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতি পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনের কাছে পাঠানো হয়। ওই বিবৃতির মাধ্যমে গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির সাংগঠনিক কমিটি বিলুপ্তির বিষয়টি জানানো হয়।
দলীয় সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী–৩ আসনে বিএনপি আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী না দিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থী ভিপি নুরকে সমর্থনের সিদ্ধান্ত নেয়। তবে গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির একাংশ এ সিদ্ধান্ত বাস্তবায়নে অনীহা প্রকাশ করে এবং মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রাখতে অস্বীকৃতি জানায়। অভিযোগ রয়েছে, তারা বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে কাজ করছেন। এ প্রেক্ষাপটেই দুই উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট নেতা–কর্মীদের সতর্ক করা হয়েছে। দলীয় সূত্র জানায়, স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনকে বিএনপির চেয়ারম্যানের গুলশান কার্যালয় থেকে ডাকা হলেও তিনি তাতে সাড়া দেননি।
এ বিষয়ে বিএনপির এক দায়িত্বশীল নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ যদি ঐক্যবদ্ধ আন্দোলন ও নির্বাচনী কৌশলের বিরুদ্ধে অবস্থান নেন, তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া ছাড়া কোনো বিকল্প থাকে না। স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের বিরুদ্ধেও সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’
গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘যে দলের নেতা বহিষ্কৃত হন, সেখানে কর্মীরাও বহিষ্কৃত হবেন—এটাই স্বাভাবিক। বরং তারা দেরি করেছে। আমাদের অন্য কোনো প্রার্থীর পক্ষে কাজ করার সুযোগ নেই, আমরা হাসান মামুনের সঙ্গেই আছি।’
দশমিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম শানু আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা অনেক আগেই এ বিষয়ে প্রস্তুত ছিলাম। দীর্ঘদিন ধরে হাসান মামুনের নেতৃত্বে দশমিনা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা–কর্মী ও সমর্থকেরা সুসংগঠিত। আমরা এখন তার পক্ষেই কাজ করব।’
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন বলেন, ‘দুই উপজেলা কমিটি বিলুপ্ত হয়েছে—এ বিষয়ে আমরা অবগত। আমরা এ সংক্রান্ত কাগজ পেয়েছি।’