ওমরাহ হজ পালন শেষে বাসায় ফেরার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সৌদি আরবের আবহা এলাকায় লক্ষ্মীপুরের পাঁচজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। রোববার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মিজানুর রহমান (৪৫), তাঁর স্ত্রী মেহের আফরোজ সুমি (৩৬), দেড় বছরের শিশুকন্যা সুবাহ আক্তার, বড় মেয়ে মোহনা আক্তার (১৩) এবং গাড়িচালক হোসেন মোহাম্মদ জিলানী (৩০)। আহত হয়েছেন অপর মেয়ে ফাইজা আক্তার (১১)। নিহতদের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরার পাঁচমুখী এলাকায়।
পরিবারের সদস্যরা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। একসঙ্গে পরিবারের চার সদস্যকে হারিয়ে মিজানুর রহমানের মা খুকি বেগম ও বাবা শহিদ উল্যাহ শোকে বারবার অসুস্থ হয়ে পড়ছেন। তাঁদের সান্ত্বনা দিতে আসা স্বজনদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।
নিহত মিজানুর রহমানের বড় ভাই বাহারুল আলম জানান, মিজানুর দীর্ঘদিন ধরে সৌদি আরবের আবহা শহরে হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। চলতি মাসের ৩ ফেব্রুয়ারি তিনি স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান। সৌদি সময় রোববার দিবাগত রাত প্রায় ৩টার দিকে ইবাদত শেষে বাসায় ফেরার পথে তাঁদের বহনকারী মাইক্রোবাসটি দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয় এবং একজন গুরুতর আহত হন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন চৌধুরী বলেন, ‘ঘটনার বিষয়টি জেনেছি। মরদেহ দেশে আনার বিষয়ে সিদ্ধান্ত হলে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।’
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম বলেন, বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।