যশোর শহরের ঘোপ নওয়াপাড়া এলাকার একটি গুদাম থেকে ৭৭টি নতুন বিদেশি মোটরসাইকেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দ এই অভিযান পরিচালনা করেন। জব্দকৃত মোটরসাইকেলগুলো আমেরিকান ব্র্যান্ড ‘ইউনাইটেড মোটরস’ (ইউএম)-এর বলে জানা গেছে।
গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদর উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের ২৪২ নম্বর বাড়িতে এই অভিযান চালানো হয়। অভিযানকালে মোটরসাইকেলগুলোর আমদানি সংক্রান্ত বৈধ কাগজপত্র, রেজিস্ট্রেশন বা প্রয়োজনীয় অনুমোদন দেখাতে না পারায় গুদামটি সিলগালা করে দেওয়া হয়। এ সময় যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক (তদন্ত) সুজন কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কয়েক দিন আগেও ওই একই গুদামে অভিযান চালানো হয়েছিল। সে সময় গুদামমালিক হাফিজুর রহমান শিলু কাগজপত্র দেখানোর জন্য তিন দিনের সময় নিয়েছিলেন। আজ পুনরায় অভিযানের সময় মোটরসাইকেলগুলোর মালিক আবু সাঈদ সাবু অসুস্থতার অজুহাতে উপস্থিত না হয়ে ১০ দিনের সময় প্রার্থনা করেন। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে গুদামটি সিলগালা করার নির্দেশ দেন।
আদালত জানিয়েছেন, জব্দকৃত মোটরসাইকেলগুলো বর্তমানে ওই গুদামেই রাখা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বৈধ কাগজপত্র দাখিল করতে ব্যর্থ হলে এসব মোটরযান সরকারি হেফাজতে নেওয়া হবে।