মুন্সিগঞ্জ লঞ্চঘাটে ঢাকা অভিমুখী একটি যাত্রীবাহী লঞ্চ থেকে ঝুঁকি নিয়ে নামতে গিয়ে নদীতে পড়ে যাওয়া এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার (২০ মার্চ) দুপুরে চাঁদপুর থেকে ছেড়ে আসা ‘রব রব-৭’ নামের লঞ্চটি ঘাটে ভেড়ার সময় এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে ওই যাত্রী সুস্থ আছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী ব্যক্তির নাম মো. জাহির, তিনি কুমিল্লার বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে লঞ্চটি যখন মুন্সিগঞ্জ ঘাটে ভেড়ার চেষ্টা করছিল, তখন জাহির ঝুঁকি নিয়ে লঞ্চ থেকে নামার চেষ্টা করেন। একপর্যায়ে তিনি লঞ্চের সামনের অংশে বেশ কিছুক্ষণ ঝুলে থাকার পর নিয়ন্ত্রণ হারিয়ে ধলেশ্বরী নদীতে পড়ে যান। এই রোমহর্ষক ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত তা আলোচনায় আসে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিতে আগে থেকেই লঞ্চঘাটে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল মোতায়েন ছিল। যাত্রী নদীতে পড়ে তলিয়ে যাওয়ার সময় ডুবুরিরা তাৎক্ষণিক তৎপরতা চালিয়ে তাঁকে উদ্ধার করতে সক্ষম হন। পরে তাঁকে অ্যাম্বুলেন্সে করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
ফায়ার সার্ভিস আরও জানায়, উদ্ধারকৃত জাহির এখন শঙ্কামুক্ত। ঈদের এই ব্যস্ত সময়ে লঞ্চে যাতায়াতের ক্ষেত্রে যাত্রীদের আরও সতর্ক হওয়ার এবং ঝুঁকি নিয়ে ওঠা-নামা না করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।