মধ্যপ্রাচ্যে আরবি বর্ষপঞ্জিকার সপ্তম মাস রজবের চাঁদ দেখা গেছে। এর মধ্য দিয়ে শুরু হয়েছে পবিত্র রমজানের অপেক্ষা। কারণ রজবের পর শা’বান মাস এবং এরপরই রমজান। এবার যদি রজব মাস ২৯ দিন এবং শা’বান মাস ৩০ দিনের হয়, তাহলে রমজান শুরু হতে বাকি থাকবে প্রায় ৬০ বা ৬১ দিন। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করেই রমজান শুরুর দিন চূড়ান্ত হবে। গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে আগামী বছর ১৮ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান শুরুর সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রমজানের প্রথম দিন হতে পারে ১৯ ফেব্রুয়ারি। তবে নির্ধারিত দিনে চাঁদ দেখা না গেলে রমজান শুরুর তারিখ এক দিন পিছিয়ে যেতে পারে।
এদিকে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানায়, রোববার (২১ ডিসেম্বর) ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের নেতৃত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে দেশে রজব মাসের চাঁদ দেখা গেছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের আকাশে কোথাও পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোনে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, রজব, জিলকদ, জিলহজ ও মহররম—এই চারটি মাস ইসলাম ধর্মে বিশেষ মর্যাদাপূর্ণ। ঐতিহাসিকভাবে এ মাসগুলোতে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ ছিল। আরব সংস্কৃতি অনুযায়ী, এসব মাসে মানুষ যুদ্ধ ও অন্যায়-অপরাধ থেকে বিরত থেকে শান্তিপূর্ণ জীবনযাপন করত।
এর মধ্যে রজব মাসের ২৬ তারিখের রাত মুসলিমদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশ্বাস অনুযায়ী, এ রাতেই মহানবী হযরত মুহাম্মদ (সা.) মেরাজে গমন করেন এবং উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে ফিরে আসেন।