চীনের সমুদ্রের তলায় এক বিশাল স্বর্ণভাণ্ডারের সন্ধান পাওয়া গেছে। দেশটির শানডং প্রদেশের ইয়ানতাই শহরের লাইঝৌ উপকূলের কাছে এই স্বর্ণভাণ্ডার আবিষ্কৃত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের দাবি, এটি এশিয়ার সবচেয়ে বড় সমুদ্রতলের স্বর্ণভাণ্ডার হতে পারে।
সংবাদ সংস্থা সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, লাইঝৌ অঞ্চলে মোট স্বর্ণের মজুত বর্তমানে ৩,৯০০ টনের বেশি, যা চীনের মোট স্বর্ণ মজুতের প্রায় ২৬ শতাংশের সমান। ইয়ানতাই সিটি সরকার এক সম্মেলনে এই তথ্য প্রকাশ করেছে। তবে সমুদ্রতলে আবিষ্কৃত নতুন স্বর্ণভাণ্ডারের সুনির্দিষ্ট পরিমাণ এখনও জানানো হয়নি।
লাইঝৌ এখন চীনের স্বর্ণ মজুত এবং উৎপাদনের ক্ষেত্রে শীর্ষে অবস্থান করছে। এর আগে, লিয়াওনিং প্রদেশে ১,৪৪৪.৪৯ টনের একটি ‘সুপার-লার্জ’ স্বর্ণভাণ্ডার পাওয়া গেছে, যা ১৯৪৯ সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর থেকে দেশের সবচেয়ে বড় একক স্বর্ণভাণ্ডার হিসেবে চিহ্নিত হয়েছে। এছাড়া শিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের কুনলুন পর্বতমালায় এক হাজার টনের বেশি সম্ভাব্য মজুতসম্পন্ন আরেকটি স্বর্ণভাণ্ডারও নভেম্বরে খুঁজে পাওয়া গেছে।
২০২৩ সালের নভেম্বরে শানডং প্রদেশ জানিয়েছে, তারা চীনের মোট স্বর্ণ মজুতের প্রায় এক-চতুর্থাংশ শনাক্ত করেছে। এর মধ্যে জিয়াওদং উপদ্বীপে অবস্থিত ৩,৫০০ টনের বেশি স্বর্ণ বিশ্বে তৃতীয় বৃহত্তম স্বর্ণখনি বেল্ট হিসেবে পরিচিত।