ফিলিস্তিনের গাজায় প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদে যোগ দেবে না স্পেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর আমন্ত্রণ সরাসরি প্রত্যাখ্যান করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্পেনের পক্ষ থেকে বলা হয়েছে—এই সিদ্ধান্ত দেশটির বহুপাক্ষিকতা ও জাতিসংঘভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। একই সঙ্গে প্রস্তাবিত বোর্ডে ফিলিস্তিনের প্রতিনিধিত্ব না থাকার বিষয়টিও স্পেনের আপত্তির অন্যতম কারণ হিসেবে তুলে ধরা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনের পর সাংবাদিকদের সানচেজ বলেন, বোর্ড অব পিসে আমন্ত্রণ জানানোর জন্য তারা কৃতজ্ঞ, তবে এতে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়নি স্পেন।
তিনি আরও বলেন, বোর্ড অব পিসে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে অন্তর্ভুক্ত করা হয়নি, যা স্পেনের আপত্তির একটি গুরুত্বপূর্ণ কারণ।
ওয়াশিংটনের দাবি অনুযায়ী, বোর্ড অব পিস যুদ্ধবিধ্বস্ত অঞ্চলগুলোতে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও তদারকি, নিরাপত্তা ব্যবস্থার সমন্বয় এবং পুনর্গঠন কার্যক্রমে সহায়তা করবে। এই উদ্যোগের ধারণা এসেছে ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা থেকে।
প্রস্তাবিত বোর্ডটি মূলত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও দখলদার ইসরাইল-এর মধ্যে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, এই বোর্ড গাজার শাসনব্যবস্থা গঠন, আঞ্চলিক সম্পর্ক উন্নয়ন, পুনর্গঠন কার্যক্রম, বিনিয়োগ আকর্ষণ এবং বড় পরিসরের অর্থায়ন তদারকির দায়িত্ব পাবে।
তবে বোর্ডটির নেতৃত্ব ও সদস্য নির্বাচন সরাসরি ট্রাম্পের নিয়ন্ত্রণে থাকায় এবং এতে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অন্তর্ভুক্তির বিষয়টি সামনে আসায়, এর নিরপেক্ষ ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।