ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ–এর রাষ্ট্রীয় সফরকে কেন্দ্র করে আজ সোমবার অস্ট্রেলিয়ার বাণিজ্যিক রাজধানী সিডনি–র রাজপথ উত্তাল হয়ে ওঠে। একদিকে বন্ডাই সৈকতে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন, অন্যদিকে নগরের প্রাণকেন্দ্র টাউন হলে সফরের প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ—এই দুই বিপরীত চিত্রে দিনভর টালমাটাল ছিল শহরটি।
সফরের প্রথম পর্বে হারজগ বন্ডাই প্যাভিলিয়নে গিয়ে নিহত ইহুদিদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন এবং জেরুজালেম থেকে আনা একটি বিশেষ পাথর স্থাপন করেন। এ সময় নিউ সাউথ ওয়েলস রাজ্যের মুখ্যমন্ত্রী ক্রিস মিনস উপস্থিত ছিলেন।
তবে সফরকে ঘিরে টাউন হল এলাকায় উত্তেজনা বাড়ে। প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের ডাকে হারজগকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দিয়ে হাজার হাজার বিক্ষোভকারী সমবেত হন। ফিলিস্তিনি পতাকা ও প্রতীকী রক্তাক্ত পুতুল হাতে নিয়ে তাঁরা গাজায় চলমান পরিস্থিতির নিন্দা জানান এবং হারজগকে গ্রেপ্তারের দাবি তোলেন।
বিকেলের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সুপ্রিম কোর্ট পুলিশের বিশেষ ক্ষমতা বহাল রাখার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভ ছত্রভঙ্গ করতে কঠোর হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ ঘুষি ও তীব্র ঝাঁজালো মরিচের গুঁড়া ব্যবহার করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।
একপর্যায়ে পুলিশ মারমুখী হয়ে উঠলে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়। পুলিশের ব্যারিকেড আঁকড়ে ধরে প্রতিরোধের চেষ্টা করলে উত্তেজনা আরও বাড়ে। স্থানীয় সময় রাত ১০টা পর্যন্ত টাউন হল এলাকায় এই পরিস্থিতি বিরাজ করছিল।
প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ পুলিশের আচরণকে ‘বর্বর হামলা’ বলে অভিহিত করে গণতান্ত্রিক অধিকার হরণের অভিযোগ তোলে। এ সময় সিডনির আকাশে পুলিশের হেলিকপ্টার ও ড্রোন টহল দিতে দেখা যায়, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।
সংঘর্ষের ঘটনায় একাধিক গ্রেপ্তার হয়েছে। বিক্ষোভ ও সংঘর্ষের কারণে সিডনির জনজীবন ও যাতায়াতব্যবস্থা ব্যাহত হয়।