ইসরায়েলের রাজধানী তেল আবিবসহ দেশটির বিভিন্ন এলাকায় জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শুক্রবার (৬ মার্চ) সকালে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) তাদের ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর ২১তম ধাপের অংশ হিসেবে এই ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
আইআরজিসির এক বিবৃতিতে জানানো হয়েছে, এই অভিযানে তেল আবিবের কেন্দ্রস্থলকে লক্ষ্য করে অত্যাধুনিক ‘খেইবার’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। মূলত ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত শক্তি ব্যবহার করে শহরের কেন্দ্রস্থলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানাই ছিল এই অভিযানের লক্ষ্য।
ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকালে ইরান থেকে ছোড়া একাধিক রকেট প্রতিহত করতে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। আকাশে রকেটগুলো ইন্টারসেপ্ট করার চেষ্টার সময় রাজধানী তেল আবিব ও আশপাশের এলাকায় বড় বড় বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি হামলার জবাবে তেহরান এই অপারেশন পরিচালনা করছে। ইরানের দাবি অনুযায়ী, দেশটিতে সাম্প্রতিক ওই হামলায় ১ হাজার ৩৩২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যার পাল্টা ব্যবস্থা হিসেবেই এই ক্ষেপণাস্ত্র অভিযান অব্যাহত রয়েছে।