কাতারে একটি নিয়মিত মহড়া চলাকালে সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় সাতজন আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে তুরস্কের একজন সেনাসদস্য ও দুইজন বেসামরিক নাগরিক রয়েছেন। রোববার (২২ মার্চ) ভোরে যান্ত্রিক ত্রুটির কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে কাতার ও তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহত তুর্কি নাগরিকদের মধ্যে একজন দেশটির সেনাবাহিনীর সদস্য এবং বাকি দুইজন প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান ‘অ্যাসেলসান’-এর নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়া দুর্ঘটনায় কাতার সশস্ত্র বাহিনীর চারজন সদস্যও নিহত হয়েছেন। কাতার কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ছয়জনের মৃত্যু ও একজনের নিখোঁজ হওয়ার খবর দিলেও পরবর্তীতে সাতজনেরই মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বিবৃতিতে জানায়, নিয়মিত দায়িত্ব পালনকালে যান্ত্রিক গোলযোগের কারণে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে। তুরস্কের পক্ষ থেকে জানানো হয়েছে, কাতার ইতিমধ্যে এই ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে, যার মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করা সম্ভব হবে। নিহতদের নাম ও পরিচয় প্রকাশ করে শোক জানিয়েছে দুই দেশের সংশ্লিষ্ট দপ্তরগুলো।