যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। দীর্ঘদিনের উত্তেজনা নিরসনে উভয় পক্ষকে আন্তরিকতার সাথে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
জাতিসংঘের নিয়মিত সংবাদ সম্মেলনে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এই আহ্বান পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, মহাসচিব দুই দেশকে এই কূটনৈতিক সুযোগটি যথাযথভাবে কাজে লাগানোর অনুরোধ করেছেন। একটি স্থায়ী ও পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানোর মাধ্যমে ওই অঞ্চলের চলমান অস্থিরতা কমিয়ে আনাই এই আলোচনার মূল লক্ষ্য হওয়া উচিত বলে তিনি মনে করেন।
মহাসচিবের মতে, পুনরায় বড় ধরনের সংঘাত বা যুদ্ধাবস্থা এড়াতে সংলাপের কোনো বিকল্প নেই। আলোচনার মাধ্যমেই যেকোনো জটিল সমস্যার কার্যকর সমাধান সম্ভব।
আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদ মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছেন আন্তোনিও গুতেরেস। তিনি স্পষ্ট করেছেন যে, শান্তিপূর্ণ উপায়ে সংকটের সমাধানই বিশ্ব শান্তির জন্য অপরিহার্য।
উল্লেখ্য, বর্তমানে চলমান এই কূটনৈতিক তৎপরতা ও মধ্যস্থতা প্রচেষ্টায় সরাসরি সহায়তা প্রদানের জন্য মহাসচিবের একজন ব্যক্তিগত দূত সংশ্লিষ্ট অঞ্চলে অবস্থান করছেন। তেহরান ও ওয়াশিংটনের এই সমঝোতা প্রচেষ্টাকে বিশ্বশান্তির জন্য একটি বড় সুযোগ হিসেবে দেখছে জাতিসংঘ।