বিয়ের দুই বছর পার হতে না হতেই ভেঙে গেল ছোটপ পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদের সংসার। স্বামী আবু সাইয়িদ রানার সাথে দীর্ঘদিনের কলহ এবং পরকীয়ার অভিযোগের জেরে এই বিচ্ছেদের ঘটনা ঘটেছে। গত বছরের নভেম্বর থেকেই এই দম্পতি আলাদা থাকছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
গণমাধ্যমের কাছে ঘটনার সত্যতা স্বীকার করে মৌসুমী হামিদ জানান, গত বছরের নভেম্বর থেকে তিনি রানার সাথে থাকছেন না। তবে এই মুহূর্তে মানসিকভাবে বিপর্যস্ত থাকায় বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলতে রাজি হননি তিনি। মৌসুমীর দাবি, বিয়ের মাত্র আট মাসের মাথায় রানার প্রথম প্রতারণা ধরা পড়ে। এরপর আরও কয়েকবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলেও সংসারের মায়া এবং সামাজিক সম্মানের কথা ভেবে তিনি তা এড়িয়ে গিয়েছিলেন। তবে সম্প্রতি রানার সাথে নুসরাত তুবা নামে এক তরুণীর ঘনিষ্ঠতার অকাট্য প্রমাণ পাওয়ায় আর মানিয়ে নেওয়া সম্ভব হয়নি বলে জানান এই অভিনেত্রী।
অন্যদিকে, পরকীয়ার অভিযোগ অস্বীকার করেছেন আবু সাইয়িদ রানা। তিনি বলেন, গত চার মাস ধরে বনিবনা না হওয়ায় তারা আলাদা থাকছেন। বর্তমানে বিষয়টি নিয়ে বেশি কিছু বলতে চান না তিনি। তবে জানা গেছে, সম্পর্কের টানাপোড়েন চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে রানাই প্রথম বিচ্ছেদের সিদ্ধান্ত নেন এবং মৌসুমী হামিদকে ডিভোর্স লেটার পাঠান।
উল্লেখ্য, ২০২৪ সালের ১২ জানুয়ারি ঘরোয়া আয়োজনে বিয়ে করেছিলেন মৌসুমী হামিদ ও লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানা। দুই বছর আগে বেশ ঘটা করে শুরু হওয়া এই সম্পর্কের এমন পরিণতিতে শোবিজ অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।