অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সব ধরনের কনসুলার সেবা ও ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) হাইকমিশনের জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।
হাইকমিশনের সামনে টানানো নোটিশে সেবা স্থগিতের কারণে সংশ্লিষ্টদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। নোটিশে বলা হয়, পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
এ সিদ্ধান্তের পেছনে সাম্প্রতিক নিরাপত্তা উদ্বেগের বিষয়টি গুরুত্ব পেয়েছে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। এর আগে শনিবার (২০ ডিসেম্বর) ও রোববার (২১ ডিসেম্বর) দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে উগ্রপন্থি একটি সংগঠনের ২০–২৫ জন সমর্থক বিক্ষোভ করে। বিক্ষোভকারীরা সে সময় বাংলাদেশিদের ভারত ছাড়ার আহ্বান জানায় বলে জানা যায়।
এ ছাড়া রোববার পশ্চিমবঙ্গের শিলিগুঁড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনার প্রেক্ষাপটেই হাইকমিশনের নিরাপত্তা ও সেবাপ্রদানে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কনসুলার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।