মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া ৪০৫ বাংলাদেশি যাত্রী নিয়ে ঢাকায় পৌঁছেছে ইউএস-বাংলা এয়ারলাইনসের দ্বিতীয় বিশেষ ফ্লাইট। আজ শুক্রবার (৬ মার্চ) সকাল ৬টা ৭ মিনিটে দুবাই থেকে আসা ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। মানবিক দিক বিবেচনায় নিয়ে আমিরাতে আটকে পড়া প্রবাসীদের দেশে ফেরাতে ঢাকা-দুবাই-ঢাকা রুটে মোট দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করল এই বেসরকারি বিমান সংস্থা। ৪৩৬ আসনের এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজের মাধ্যমে এই উদ্ধার অভিযান চালানো হয়।
এর আগে গত ৪ মার্চ (বুধবার) ইউএস-বাংলার প্রথম বিশেষ ফ্লাইটটি পরিচালনা করা হয়। সেই ফ্লাইটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৭ জন ক্রুসহ মোট ৩৭৮ জন যাত্রী গতকাল সকালে ঢাকায় ফেরেন। দ্বিতীয় ফ্লাইটটি গতকাল বিকেলে ঢাকা থেকে দুবাই গিয়ে স্থানীয় সময় রাত ১০টায় ফিরতি যাত্রীদের নিয়ে রওনা হয়েছিল।
মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ ইউএস-বাংলা এয়ারলাইনসসহ সীমিত কয়েকটি সংস্থাকে বিশেষ এই ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। বিশেষ করে যেসব প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা হওয়ার পথে, তাদের এই ফ্লাইটে অগ্রাধিকার ভিত্তিতে দেশে ফেরার সুযোগ দেওয়া হয়েছে।